শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পত্তি
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে এবার দিনে-দুপুরে ব্যস্ততম শ্যামলী এলাকায় ছিনতাইকারী চক্রের তাণ্ডবের শিকার হয়েছেন জাতীয় দৈনিক 'আমাদের সময়'-এর অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তাঁর সহধর্মিণী।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশু মেলার ঠিক বিপরীত পাশের ফুটওভার ব্রিজের সংলগ্ন প্রধান সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী দম্পতির কাছে থাকা নগদ টাকা, ব্যবহৃত দামি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলের র্যাপিড কার্ডসহ অন্যান্য জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, সকালে একটি জরুরি পারিবারিক প্রয়োজনে স্ত্রীকে কুষ্টিয়াগামী দূরপাল্লার বাসে তুলে দেওয়ার জন্য তাঁরা আজিমপুরের বাসভবন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে কল্যাণপুর বাস বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
তাঁদের বহনকারী অটোরিকশাটি শ্যামলী শিশু মেলার বিপরীত পাশের মূল সড়কে পৌঁছামাত্র পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরবাইকে থাকা দুই ছিনতাইকারী অটোরিকশার গতিরোধের চেষ্টা করে। একপর্যায়ে শুভ’র স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি সজোড়ে টান দিয়ে ছিনিয়ে নিয়ে শ্যামলী বাসস্ট্যান্ডের দিকে দ্রুত গতিতে চম্পট দেয়। টান মারার আকস্মিক ঘটনায় সামাল দিতে না পেরে সাংবাদিক শুভ’র স্ত্রী হাতের আঙুলে বেশ আঘাত পেয়েছেন।
উক্ত জঘন্য ঘটনার বিষয়ে ইতোমধ্যে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, “সকাল সাতটার দিকে শিশু মেলার ঠিক বিপরীত পাশের ফাঁকা সড়কে এই মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক থানায় এসে বিস্তারিত লিখিত অভিযোগ দিয়েছেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িত মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের শনাক্ত এবং মালামাল উদ্ধারে পুলিশের টিম কাজ শুরু করেছে।”