স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট দিকনির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যখাতকে সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ ও সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করে চিকিৎসাসেবা ও কর্তব্যে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় এক নার্সকে তাৎক্ষণিকভাবে বদলির কঠোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া কোনো প্রকার পূর্ব অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চারজন চিকিৎসকের একদিনের বেতন কর্তনের আদেশ দেন তিনি। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশের হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং প্র প্রয়োজনীয় স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষের চোখে পড়বে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রান্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও পুনর্গঠনে আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার নতুন দরপত্র (টেন্ডার) আহ্বান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে কম খরচে নিজ নিজ এলাকায় উন্নত পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন, সেজন্য উপজেলা পর্যায়ের সকল হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে।
সকালবেলা / নুসরাত