ফুটপাত দখল করে দোকান বসালেই সরাসরি মামলা: ডিএসসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার রাস্তার যানজট নিরসন, অবৈধ বর্জ্য অপসারণ এবং পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না; বরং সরাসরি মামলা করা হবে এবং অবৈধ মালামাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডে আজ একযোগে এই বিশেষ কর্মসূচি পালিত হয়।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, "রাস্তার যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টির পেছনে অবৈধ হকার ও ভাসমান দোকানগুলোর বড় ভূমিকা রয়েছে। মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্দের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" নিউ মার্কেট এলাকার সার্বিক পরিবেশ রক্ষায় তিনি জানান, আগামী সপ্তাহেই সেখানে আবারও জোরদার উচ্ছেদ অভিযান চালানো হবে এবং কোনো অবস্থাতেই মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না।
ডেঙ্গু এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতার ওপর জোর দিয়ে প্রশাসক নাগরিকদের কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। অভিযান পরিদর্শনকালে তিনি মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্র্যান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি সরিয়ে সেখানে পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য চলতি মাসের মধ্যেই নতুন একটি আধুনিক এসটিএসের নির্মাণকাজ সম্পন্ন হবে। মালিবাগ থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত চলা এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকালবেলা / নুসরাত