ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল এবং বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে তাঁদের অন্তর্ভুক্তি ঘটেছে।
রিপন মন্ডল: ডেথ ওভারের ভরসা ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মন্ডল এর আগে এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে এবারই প্রথম। তাঁর সম্পর্কে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেন, "রিপন মন্ডল ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করছিলেন। আমাদের মনে হয়েছে ডেথ ওভারে এবং ইনিংসের শুরুতে উইকেট নেওয়ার যে সক্ষমতা তাঁর আছে, সেটা আমরা দারুণভাবে কাজে লাগাতে পারব।"
সাকলাইন: বোলিং অলরাউন্ডারের খোঁজে দীর্ঘদিন ধরে একজন কার্যকর বোলিং অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ। সেই শূন্যস্থান পূরণে আব্দুল গাফফার সাকলাইনের ওপর আস্থা রেখেছে বিসিবি। হাবিবুল বাশার জানান, "আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাকলাইন হয়তো সেই অপশনটা হতে পারেন। তিনি বর্তমানে বেশ ফর্মে আছেন এবং আশা করছি ভবিষ্যতের জন্য তিনি আমাদের সেই দীর্ঘদিনের চাওয়া পূরণ করবেন।"
ব্যাটিং লাইনআপে আস্থা বোলিংয়ে নতুন মুখ এলেও ব্যাটিংয়ে বড় কোনো পরিবর্তন আনেনি নির্বাচক কমিটি। বাশারের মতে, আগের অভিজ্ঞ ব্যাটাররাই দলে আছেন এবং এই ভারসাম্যপূর্ণ দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফল উপহার দেবে। টি-টোয়েন্টি ফরম্যাটে কিউইদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর না হলেও (২০ ম্যাচে ১৫ হার), ঘরের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী নির্বাচকরা।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডের পরই শুরু হবে টি-টোয়েন্টি মিশন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ