মৌলভীবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানাধীন মির্জাপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি রাহিম মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শ্রীমঙ্গলের কালাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ও মামলার সূত্রে জানা যায়, ভিকটিম ও আসামি রাহিম মিয়ার বাড়ি পাশাপাশি হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ মার্চ ভোরে রাহিম ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ভিকটিমের ভাই টের পেয়ে রাহিমকে হাতেনাতে আটক করলেও পরবর্তীতে সামাজিকভাবে মীমাংসার কথা বলে রাহিমের পরিবার তাঁকে নিয়ে যায়।

বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত রাহিম। এরই প্রেক্ষিতে র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং সোমবার সাড়ে ৭টার দিকে কালাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত রাহিম মিয়া মৌলভীবাজার সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন