গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণের দাবিতে রংপুরে স্মারকলিপি প্রদান

গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণের দাবিতে রংপুরে স্মারকলিপি প্রদান

আবু রায়হান, রংপুর: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে রংপুর জেলা মোটর মালিক সমিতি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে এই স্মারকলিপি তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে চরম সংকট তৈরি হয়েছে। গত ১৯ এপ্রিল থেকে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০০.৭৭ টাকা থেকে বেড়ে ১১৫.৭৭ টাকা হওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা মারাত্মক আর্থিক চাপে পড়েছেন। বর্তমান ভাড়ায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়ায় যাত্রী ও শ্রমিকদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

সমিতির পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো— জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত যৌক্তিক ভাড়া নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর সরকারি মনিটরিং নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ ভাড়ার তালিকা প্রণয়ন।

নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর সিদ্ধান্ত না এলে গণপরিবহন পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দাবিগুলো বাস্তবায়িত হলে যাত্রী ভোগান্তি কমবে এবং খাতে স্থিতিশীলতা ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলী মো. শরিফুল আলম হিরু, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বারী রাজ, সহ-সভাপতি মোসাহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান জিহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন