তীব্র গরমে শরীর ঠান্ডা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান্তা ভাতের ম্যাজিক

তীব্র গরমে শরীর ঠান্ডা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান্তা ভাতের ম্যাজিক

জীবনযাপন ডেস্ক: পহেলা বৈশাখের আমেজ শেষ হলেও বাঙালির রসুইঘরে পান্তা ভাতের কদর কমেনি একটুও। বরং তীব্র গরমের এই সময়ে শরীর সতেজ রাখতে পান্তা ভাত এখন পুষ্টিবিদদের পছন্দের তালিকায় শীর্ষে। ভাতের গাজন বা ‘ফারমেন্টেশন’ প্রক্রিয়ার কারণে এটি কেবল খাবার নয়, বরং পুষ্টির এক অনন্য আঁধার হয়ে ওঠে যা প্রখর দাবদাহে শরীরের জন্য মহৌষধ হিসেবে কাজ করে।

পুষ্টিবিদদের মতে, ১০-১২ ঘণ্টা ভাতে পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাতে তৈরি হয় বিশেষ কিছু উপকারী ব্যাকটেরিয়া। এই প্রক্রিয়ায় ভাতের আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদানগুলোর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়, যা সাধারণ ভাতের তুলনায় শরীর খুব দ্রুত শোষণ করতে পারে।

গরমে পান্তা ভাতের অসামান্য ৫ উপকারিতা:

  • ক্লান্তি ও অনিদ্রা দূর: ফারমেন্টেশনের ফলে এতে প্রচুর ভিটামিন বি-১২ তৈরি হয়, যা শরীরের দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর করে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং রাতে গভীর ঘুমে সাহায্য করে।

  • হাড় ও রক্তের সুরক্ষা: প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন থাকায় নিয়মিত পান্তা খেলে রক্তাল্পতা দূর হয় এবং হাড়ের গঠন মজবুত থাকে।

  • পেটের সমস্যায় মহৌষধ: এতে থাকা প্রাকৃতিক প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। গরমে যারা গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য পান্তা ভাত অত্যন্ত কার্যকর।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, পান্তা ভাতের প্রোবায়োটিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা শক্তিশালী অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক।

  • হাইড্রেটেড থাকা: পান্তা ভাতে প্রচুর জলীয় অংশ থাকায় এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতা বা ডিহাইড্রেশন প্রতিরোধ করে।

তবে পান্তা ভাতের সর্বোচ্চ উপকার পেতে এটি তৈরির সময় পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সঠিক নিয়মে তৈরি পান্তা ভাত গরমের এই সময়ে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করলে সুস্থ থাকা অনেক সহজ হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন