ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলে জলাবদ্ধতা নিরসন

ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলে জলাবদ্ধতা নিরসন

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে যাচ্ছে। বিলে জমে থাকা পানির কারণে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় দ্রুত খাল খননের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাস্করখিলা বড় বিল ও মধ্য বিলসহ বিস্তীর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে ফিসারি খনন করায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করে দ্রুত খাল খননের দাবি জানান।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি কৃষকদের অভিযোগের সত্যতা পান এবং একটি ফিসারি খননের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা চিহ্নিত করেন।

পরিদর্শনকালে ইউএনও ভাস্করখিলা থেকে মাইজখাপনের পাচধা পর্যন্ত খালের উৎস মুখে থাকা অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন। একইসঙ্গে কৃষকদের দাবির প্রেক্ষিতে খালটি দ্রুত পুনঃখননের কার্যক্রম শুরুর নিশ্চয়তা প্রদান করেন।

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আলম তালুকদার, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ভূমি সহকারী কর্মকর্তা জ্যোতির্ময় রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শতাধিক কৃষক।

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত খাল খনন সম্পন্ন হলে তাদের কষ্টের বোরো ফসল ঘরে তোলা সম্ভব হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন