ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ফেনীর কৃতি সন্তান ও দলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ সদস্যের যে তালিকা প্রকাশ করেন, তাতে তাঁর নাম নিশ্চিত করা হয়েছে।
রেহানা আক্তার রানুর মনোনয়ন লাভের খবরটি ফেনীতে পৌঁছালে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। রাজপথের লড়াকু নেত্রী হিসেবে পরিচিত হওয়ায় তাঁকে ভালোবেসে নেতা-কর্মীরা ‘ফেনীর অগ্নিকন্যা’ বলে ডাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে হাজার হাজার পোস্ট দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
গত শুক্র ও শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গঠিত মনোনয়ন বোর্ড দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ এই সাবেক সংসদ সদস্যকে পুনরায় বেছে নিয়েছে। ফেনী থেকে মোট ৭ জন নেত্রী মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত রানুর ওপরই আস্থা রেখেছে দল।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক প্রতিক্রিয়ায় বলেন, "রেহানা আক্তার রানু আপাকে দলীয় মনোনয়ন দেওয়ায় ফেনীবাসীর পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই মনোনয়নে পুরো জেলায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ