জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

সাঈদ পান্থ, বরিশাল: বর্তমান দেশে বিদ্যমান জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভর পরিকল্পনাকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। 

সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "দেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস থাকলেও বিগত সরকার সংকীর্ণ ব্যবসায়িক স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তুলেছিল। আজ যদি নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকত, তবে হরমুজ প্রণালীর সংকটের প্রভাব আমাদের ওপর পড়ত না।"

এম জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, বর্তমান তারেক রহমানের সরকার রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, "রাজনীতি ও রাষ্ট্রকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতাকে কেবল ভোগের বস্তু নয়, বরং জনগণের সেবার হাতিয়ার হিসেবে দেখে।"

অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, জনসেবা নিশ্চিত করাই গণমাধ্যমের মূল লক্ষ্য। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে সব বাধা দূর করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৮টি উপজেলায় এবার ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগের ৮ হাজারের বেশি কেন্দ্রে এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরে বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ১৯ জন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন