ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো ধানে ব্যাপক হারে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ ছড়িয়ে পড়েছে। একের পর এক জমিতে এই মড়ক দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। তাঁদের অভিযোগ, একাধিকবার কীটনাশক ছিটিয়েও কোনো সুফল মিলছে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাণীনগরে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে জিরাশাইল, কাটারীভোগ ও ব্রি-ধান ৯০-সহ বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে। কৃষকদের দাবি, ধানের শীষ বের হওয়ার মুহূর্তে পাতা ঝলসানো শুরু হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিঘা প্রতি প্রায় ৫ থেকে ৬ মণ ধান কম হওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা।
উপজেলার মালশন গ্রামের কৃষক ওয়াজকরুনি ও ভাটকৈ গ্রামের সোনামদ্দীনসহ অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, সংকটের এই সময়ে পরামর্শ দেওয়ার জন্য মাঠ পর্যায়ে কোনো ব্লক সুপারভাইজার বা কৃষি অফিসের কাউকে পাওয়া যাচ্ছে না। কৃষকরা নিজ উদ্যোগে বিভিন্ন কোম্পানির ওষুধ ছিটিয়েও ধান রক্ষা করতে পারছেন না।
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, "অনাবৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত ঝড়-বৃষ্টির কারণে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ কিছুটা বিস্তার লাভ করেছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি।" তিনি আরও দাবি করেন, যেহেতু আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে, তাই এই রোগের প্রভাবে ফলনে খুব বেশি ক্ষতি হবে না।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ