রাজারহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

রাজারহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের ৬ মাস থেকে ৫ বছর বয়সী (৫৯ মাস) সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।

সোমবার সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উম্মে কুলসুম বেগম জানান, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজারহাটেও এই কার্যক্রম চালু হয়েছে। নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম মূলত দুই ধাপে পরিচালিত হবে: টানা ৮ দিন ইপিআই আউটরিচ কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।  পরবর্তী ৩ দিন প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, "হামের প্রভাবে দেশে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। ব্যাপক জনসচেতনতা তৈরির মাধ্যমে এই কর্মসূচি সফল করতে পারলে শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।" সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হকসহ স্থানীয় শিক্ষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন