রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে পাকা সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আবাদপুকুর বাজারের কুতকুতি তোলা মোড় থেকে চারমাথা মোড় পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

উপজেলার অন্যতম বৃহৎ ধানের মোকাম আবাদপুকুর বাজারে সড়কের দুই পাশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে ব্যবসায়ী, হাটুরে ও পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছালে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ জানান। প্রশাসন গত তিন মাস ধরে কয়েক দফায় মাইকিং করে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দিলেও দখলকারীরা তা কর্ণপাত করেনি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, “জনসাধারণের দুর্ভোগ লাঘবে এক সপ্তাহ আগে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্দেশনা না মানায় আজ অবৈধ অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এখন থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।”

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে প্রশাসনকে উচ্ছেদ কাজে সহযোগিতা প্রদান করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন