ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া গ্রাম থেকে রাকিব (২২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপের সাথে সাক্ষাৎ করানোর কথা বলে তাঁকে ডেকে নেওয়া হয়েছিল।
নিহতের মা রুমি বেগম জানান, রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তিনটি যুবক গাড়ি নিয়ে তাঁদের ভাড়া বাসায় আসে। তাঁরা রাকিবকে তাঁদের পূর্বপরিচিত এক নেতার সাথে সাক্ষাৎ করানোর কথা বলে নিয়ে যায়। কিন্তু রাতভর রাকিব না ফেরায় এবং তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়।
সোমবার (২০ এপ্রিল) ভোরে বালুরচর এলাকার নদীর পাড়ে রাকিবকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্বজনরা সেখানে পৌঁছালে রাকিব তাঁদের কাছে পানি খেতে চান এবং তাঁকে মারধর করার কথা জানান। এর কিছুক্ষণ পরই তিনি নিস্তেজ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি বর্তমানে বাউশিয়া ইউনিয়নে ভাড়া বাসায় থেকে স্থানীয় 'সুপারস্টার ফ্যান' কোম্পানিতে চাকরি করতেন। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোলায়মান সুজন জানান, নিহতের শরীরে বড় কোনো জখম নেই, তবে প্রাথমিক আলামতে মনে হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “নিহত যুবক স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করত। গতকাল রাতে তিন যুবক তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ