তিন ধর্মের প্রতিনিধির মাধ্যমে খাল খনন শুরু

তিন ধর্মের প্রতিনিধির মাধ্যমে খাল খনন শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান—এই তিন ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে ৫ হাজার মিটার দীর্ঘ একটি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর নির্দেশনায় রুহানীকান্দা এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তিন ধর্মের তিনজন প্রতিনিধি একযোগে কোদাল চালিয়ে কাজের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বী অঞ্জন চিচাম বলেন, “তিন ধর্মের মানুষকে নিয়ে এই ব্যতিক্রমী উদ্বোধন আমাদের জন্য গর্বের এবং সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি থেকে কংশ নদী পর্যন্ত প্রায় ৫ হাজার মিটার দীর্ঘ এই খাল পুনঃখননে ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন খালটি ভরাট থাকায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। খনন কাজ শেষ হলে এলাকার অন্তত ১০টি গ্রামের মানুষ সরাসরি কৃষি ও মৎস্য চাষে সুফল পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান এবং শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন