ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): একসময় যাঁর হাতের লাল ও দুধ চা খেতে ভিড় জমাতেন ট্রেন চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা, সেই প্রাণচঞ্চল যুবক কোরবান আলী আজ পঙ্গুত্ব বরণ করে শয্যাশায়ী। জয়পুরহাটের পাঁচবিবিতে অসুস্থ ছেলেকে বাঁচাতে এক অসহায় ভূমিহীন পিতার আকুতি জনমনে গভীর নাড়া দিয়েছে।
পৌর শহরের বরগাহাটি এলাকায় চা বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন কোরবান। গত বছরের ১০ ডিসেম্বর মেরুদণ্ডে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তাঁর মেরুদণ্ডে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচার করা হলেও গত পাঁচ মাস ধরে কোরবানের দুই পাসহ শরীরের নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে আছে। চিকিৎসকদের মতে, তাঁর মেরুদণ্ডের স্নায়ুর ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা পেলে তিনি সুস্থ হতে পারেন।
কোরবানের বাবা আবুল কালাম বলেন, "আমার কোনো জমিজমা নেই। রেল স্টেশনের ধারে ছোট্ট টিনশেড দোকানে পান-সিগারেট বিক্রি করে সংসার চলে। এখন থাকার জায়গাটুকুও নেই; আমি নিজে দোকানের মেঝেতে ঘুমাই আর অসুস্থ ছেলেকে পাঁচবিবি পৌর প্রেসক্লাব বারান্দায় রেখেছি। মানুষের সাহায্য নিয়ে অপারেশনের ৭০ হাজার টাকা জোগাড় করেছিলাম, এখন ওষুধ কেনার সামর্থ্যও নেই।"
অসুস্থ কোরবান আলী ক্ষীণ কণ্ঠে জানান, "দেশবাসী সহযোগিতার হাত বাড়ালে আমি আবারও সুস্থ হয়ে উঠতে পারব। সবার দোয়া ও সাহায্য পেলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আগের মতো সবাইকে চা বানিয়ে খাওয়াতে চাই।"
কোরবানের মা কয়েক বছর আগে মারা গেছেন। বৃদ্ধ বাবা আর পঙ্গু ছেলের এই মানবেতর জীবন যাপন দেখে এলাকাবাসী ও সমাজসেবা কর্মকর্তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: অসহায় এই পরিবারটিকে সহযোগিতা করতে সরাসরি যোগাযোগ বা বিকাশ/নগদ-এর মাধ্যমে অর্থ পাঠাতে পারেন এই নম্বরে: ০১৯৪৩৯৪২৩৩৯ (কোরবান আলী)।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ