ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় মাত্র দুইশত টাকা ভাড়ায় ঢাকা পৌঁছে দেওয়ার কথা বলে এক যাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণ, মারধর ও প্রায় আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন (৩৫) সোমবার (২০ এপ্রিল) সকালে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বাসের জন্য অপেক্ষা করছিলেন আরিফ। এ সময় একটি প্রাইভেটকার চালক তাঁকে কম ভাড়ায় ঢাকা যাওয়ার প্রস্তাব দিলে তিনি সরল বিশ্বাসে গাড়িতে ওঠেন। গাড়িটি গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে ভেতরে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর চোখ-মুখ বেঁধে ফেলে এবং শারীরিক নির্যাতন শুরু করে।
দুর্বৃত্তরা আরিফের কাছ থেকে একটি দামী স্মার্টফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁর এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন বুথ থেকে ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে। এখানেই শেষ নয়, প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁর পরিবারের কাছ থেকে বিকাশ ও অফিসের মাধ্যমে আরও প্রায় ৯২ হাজার টাকা আদায় করে চক্রটি। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
লুটপাট শেষে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকার একটি নির্জন স্থানে আরিফকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে তাঁরা তাঁকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, "ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ