বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

বিনোদন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের চড়াই-উতরাই আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক 'মাইকেল' আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। লায়ন্সগেটের এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তি এই শিল্পীকে আবারও বড় পর্দায় জীবন্ত রূপে দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা।

সম্প্রতি জার্মানির বার্লিনে সিনেমাটির একটি জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার শো আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে দর্শক ও সমালোচকদের কাছ থেকে অভূতপূর্ব ইতিবাচক সাড়া মিলেছে। সিনেমাটিতে পপসম্রাটের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। সমালোচকদের মতে, জাফরের কণ্ঠ, শারীরিক ভাষা, নাচ এবং লুক এতটাই নিখুঁত যে, পর্দার প্রতিটি মুহূর্তে মাইকেল জ্যাকসনকেই খুঁজে পাওয়া গেছে। প্রদর্শনী শেষে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাফরকে সম্মান জানান।

অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বক্স অফিস বিশ্লেষণ। লায়ন্সগেটের প্রত্যাশা, বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৭০ কোটি ডলার আয় করবে, যা মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়তে পারে। তবে ইতিবাচক আলোচনার পাশাপাশি সিনেমাটি ঘিরে রয়েছে কিছু বিতর্কও। জানা গেছে, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো চিত্রনাট্যে রাখা নিয়ে আইনি জটিলতা ও পরিবারের আপত্তির কারণে শেষ মুহূর্তে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে। এতে সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ১ থেকে দেড় কোটি ডলার বেড়ে যায়।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘শতাব্দীর সেরা সিনেমা’ হিসেবে সামাজিক মাধ্যমে আলোচিত এই 'মাইকেল'।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন