মনোনয়ন না পেয়েও ইতিবাচক চমক: জানালেন রাজনীতির নতুন পথচলার কথা

মনোনয়ন না পেয়েও ইতিবাচক চমক: জানালেন রাজনীতির নতুন পথচলার কথা

বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও হতাশ নন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। দলীয় মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি তাঁর নতুন রাজনৈতিক লক্ষ্য ও পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর ফেসবুক পোস্টে চমক কুষ্টিয়া থেকে মনোনীত হওয়া মোছাম্মত ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। তিনি লেখেন, "আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমেই আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।"

মনোনয়ন না পেলেও জনসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। তিনি আরও উল্লেখ করেন, "আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।" পোস্টের কিছু সময় পর ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ শিরোনামে ফেসবুক লাইভে এসে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা শেয়ার করেন তিনি। রাজনীতিতে নামার ঘোষণার পর এটিই ছিল তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, যা সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন