হজের সংক্ষিপ্ত গাইডলাইন: প্রস্তুতি থেকে বিদায়ী তাওয়াফ

হজের সংক্ষিপ্ত গাইডলাইন: প্রস্তুতি থেকে বিদায়ী তাওয়াফ

অনলাইন ডেস্ক: হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের ওপর জীবনে একবার ফরজ। হজের প্রতিটি রুকন বা নিয়ম সঠিকভাবে পালন করা জরুরি। বাংলাদেশ থেকে অধিকাংশ হাজি ‘হজে তামাত্তু’ (একই সফরে ভিন্ন ইহরামে উমরাহ ও হজ) পালন করেন। নিচে হজের সংক্ষিপ্ত ও ধারাবাহিক গাইডলাইন তুলে ধরা হলো:

প্রাথমিক ধাপ: উমরাহ পালন

বাংলাদেশ থেকে যাওয়ার সময় সাধারণত হাজিরা প্রথমে উমরাহ সম্পন্ন করেন।

  • ইহরাম: মিকাত বা বিমানবন্দর থেকে ইহরাম পরিধান করে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ পাঠ করা।

  • তাওয়াফ ও সাঈ: মক্কায় পৌঁছে কাবার চারপাশ সাতবার প্রদক্ষিণ (তাওয়াফ) এবং সাফা-মারওয়া পাহাড়ে সাতবার দৌড়ানো (সাঈ)।

  • চুল কাটা: উমরাহ শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করে ইহরাম খুলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা।


মূল হজের ৫ দিন (৮ থেকে ১২ জিলহজ)

৮ জিলহজ: মিনায় অবস্থান হজের নিয়তে পুনরায় ইহরাম বেঁধে মিনায় গমন। সেখানে জোহর থেকে পরবর্তী দিনের ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং অবস্থান করা সুন্নত।

৯ জিলহজ: আরাফাত ও মুজদালিফা

  • আরাফাত: এদিন সকালে মিনা থেকে আরাফাতের ময়দানে যাওয়া। এটি হজের প্রধান রুকন। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে ইবাদত ও দোয়া করা।

  • মুজদালিফা: সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একত্রে আদায় করা এবং খোলা আকাশের নিচে রাত কাটানো। এখান থেকেই শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করতে হয়।

১০ জিলহজ: কোরবানি ও চুল কাটা

  • পাথর নিক্ষেপ: সকালে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় শয়তানকে (জামরাতে আকাবা) ৭টি পাথর মারা।

  • কোরবানি ও হলক: পাথর মারার পর কোরবানি সম্পন্ন করা এবং মাথা মুণ্ডন (হলক) বা চুল ছোট করা। এরপর ইহরামের কাপড় পরিবর্তন করা যায়।

  • তাওয়াফে জিয়ারত: কাবা শরিফে গিয়ে হজের প্রধান তাওয়াফ ও সাঈ সম্পন্ন করা।

১১ ও ১২ জিলহজ: পাথর নিক্ষেপ এই দুই দিন মিনায় অবস্থান করা এবং প্রতিদিন ছোট, মধ্যম ও বড়—তিনটি শয়তানকে ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করা। ১২ জিলহজ পাথর নিক্ষেপ শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে হয়।


বিদায়ী তাওয়াফ: পবিত্র মক্কা ত্যাগ করার আগে সর্বশেষ কাজ হিসেবে ‘বিদায়ী তাওয়াফ’ সম্পন্ন করতে হয়, যা ওয়াজিব।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন