বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ নেত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে সংখ্যালঘু ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠী থেকে ৪ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ তালিকায় তাঁদের নাম ঘোষণা করা হয়।
সংখ্যালঘু ও নৃ-তাত্ত্বিক সম্প্রদায় থেকে মনোনীতরা হলেন— দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আলোচিত নেত্রী নিপুণ রায় চৌধুরী, খ্রিষ্টান ধর্মাবলম্বী নেত্রী আন্না মিঞ্জ, সংখ্যালঘু প্রতিনিধি সুবর্ণা শিকদার এবং পার্বত্য অঞ্চলের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি মাধবী মারমা।
দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন, একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধর্ম, বর্ণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত করতে জাতীয় সংসদে তাঁদের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রয়োজন বলেই এই চারজন যোগ্য নেত্রীকে বেছে নেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জনের তালিকা প্রকাশ করে জানান, দুই দিনব্যাপী নিবিড় সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে বাছাই করা হয়েছে। এ তালিকায় নিপুণ রায় চৌধুরীর মতো রাজপথের নেত্রী এবং মাধবী মারমার মতো পাহাড়ি অঞ্চলের প্রতিনিধিদের উপস্থিতি তৃণমূল ও সংখ্যালঘু ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ.আই.এল/সকালবেলা
|