ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের ব্যাটারদেরও গতির ঝড়ে লণ্ডভণ্ড করে দিলেন নাহিদ রানা। তরুণ এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে মিরপুরে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ১৯৮ রানেই গুটিয়ে গেছে কিউইদের ইনিংস। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন এই গতিদানব।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ২৮ বলে সফরকারীরা মাত্র ৪ রান তুলতে সক্ষম হয়। শরীফুল ও তাসকিন শুরুর দিকে টানা মেডেন ওভার নিয়ে কিউইদের চেপে ধরেন। সেই চাপ আরও বাড়িয়ে দেন নাহিদ রানা। নিজের প্রথম বলেই হেনরি নিকলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারে এসে ফেরান উইল ইয়াংকেও। মাঝে কিউই অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরে ফেরান পার্টটাইম বোলার সৌম্য সরকার।
একপ্রান্তে উইকেট পতন চললেও একাই লড়াই চালিয়ে যান ওপেনার নিক কেলি। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পান তিনি। ৮৩ রানের ইনিংস খেলে কেলি যখন শরীফুলের শিকারে পরিণত হন, নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৪৫। এরপর রিশাদ হোসেন ও শরীফুল আরও আঘাত হানলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
শেষ দিকে জেডেন লেনক্সকে বোল্ড করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ছাড়াও শরীফুল ইসলাম নেন ২টি উইকেট। ১৯৯ রানের লক্ষ্যে এখন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ