আলোচনায় থাকলেও বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

আলোচনায় থাকলেও বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির চূড়ান্ত তালিকায় তাঁর নাম ঠাঁই পায়নি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত ৩৬ জনের তালিকায় তাঁর নাম অনুপস্থিত ছিল।

এর আগে কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চমক। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছিলেন, দেশের নারী সমাজের অধিকার রক্ষায় কাজ করার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছিলেন তিনি। তবে চূড়ান্ত বাছাইয়ে দল প্রবীণ ও ত্যাগী নারী নেত্রীদের ওপরই আস্থা রেখেছে।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখা চমক গত কয়েক বছরে ‘মহানগর’ ও ‘হাউস নং ৯৬’-এর মতো কাজ দিয়ে দর্শকদের নজর কাড়েন। তাঁর রাজনৈতিক পদার্পণের খবরে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হলেও সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূরণে তাঁকে আরও অপেক্ষা করতে হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন