মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান সপ্তাহ উদযাপিত

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান সপ্তাহ উদযাপিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করে। মেলা চলাকালীন সময়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে।

বুধবার মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইফুল আলম।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক চর্চাই একটি জাতিকে বিশ্ব দরবারে এগিয়ে নিতে পারে। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে বাস্তবমুখী জ্ঞান অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রণজিৎ দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত, একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা চত্বর এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন