অবশেষে এসএসসির সুযোগ পাচ্ছে সেই ৯২ শিক্ষার্থী

অবশেষে এসএসসির সুযোগ পাচ্ছে সেই ৯২ শিক্ষার্থী

জহিরুল হক মিলন, ফেনী: প্রধান শিক্ষক ও অফিস সহকারীর চরম গাফিলতিতে অনিশ্চয়তায় পড়া ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থী অবশেষে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের বিশেষ তৎপরতায় এই সংকট নিরসন হয়েছে।

জানা যায়, ৯২ জন শিক্ষার্থীর বোর্ড ফি বাবদ ১ লাখ ১৭ হাজার টাকা জমা দেওয়ার দায়িত্ব পান বিদ্যালয়ের অফিস সহকারী মিহির চন্দ্র শীল। কিন্তু তিনি সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন এবং গা ঢাকা দেন। গত ডিসেম্বরে এই ফি পরিশোধ করার কথা থাকলেও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা দীর্ঘ কয়েকমাসেও তা যাচাই করেননি। গত বুধবার অন্যান্য স্কুলের প্রবেশপত্র এলেও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রবেশপত্র না আসায় বিষয়টি জনসমক্ষে আসে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়। বিদ্যালয়ের সভাপতি ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হয়। বোর্ড ফি ও জরিমানার ব্যবস্থা করার পর গত সোমবার ৯২ জন শিক্ষার্থীর প্রবেশপত্র নিশ্চিত করা হয়েছে।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, অফিস সহকারী মিহির জমা ভাউচার খুঁজে পাচ্ছে না বলে কালক্ষেপণ করছিল। তারা কল্পনাও করতে পারেননি যে টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা নিশ্চিত করেছেন যে, শিক্ষার্থীদের প্রবেশপত্র হাতে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই গাফিলতির জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ৯২ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন