ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হবিগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবকে ঘিরে চলমান সংকট, অনিয়ম ও পাল্টাপাল্টি কমিটি ঘোষণার প্রতিবাদে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের 'দিনরাত' কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভা থেকে সাংবাদিকরা এই দাবি জানান।
সভার শুরুতে হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের সদস্য প্রয়াত সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সাংবাদিক নেতারা বলেন, প্রেসক্লাবকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রেখে প্রকৃত সাংবাদিকদের বাইরে রেখে মনগড়া সদস্যপদ দেওয়া হয়েছে। গত দুই বছর ধরে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে আছে। এর মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি কমিটি ঘোষণার ঘটনা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।
বক্তারা অতীতের কথা উল্লেখ করে বলেন, এর আগে উত্তেজনার জেরে প্রেসক্লাব তালাবদ্ধ করা হলেও প্রশাসনের আশ্বাসের তোয়াক্কা না করে বহিরাগতদের মাধ্যমে জোরপূর্বক তালা ভাঙার ঘটনা ঘটে। সাংবাদিকরা সমাজের বিবেক হিসেবে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা চান না, তবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধানের জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
মীর আব্দুল কাদিরের (আমার সংবাদ, ডেইলি পোস্ট ও দেশ এডিশন) সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সহিবুর রহমান (আরটিভি), কাজল সরকার (এখন টিভি), জাহাঙ্গীর রহমান (নাগরিক টিভি), সাইফ হাসান (দৈনিক খোয়াই), এখলাছ আহমেদ প্রিয় (দীপ্ত টিভি), জি কে ইউসুফ (দৈনিক সকালবেলা) সহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন যে, বিতর্কিত সদস্যপদ বাতিল করে নতুন করে গঠনমূলক সংস্কারের মাধ্যমেই কেবল এই সংকটের সমাধান সম্ভব। অন্যথায় অধিকার আদায়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ