ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে শহীদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে শহীদুল মোল্লার সাথে তাঁর চাচাতো ভাই দুলাল মোল্লার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে দুলাল মোল্লা দেশি অস্ত্র (ছুরি) দিয়ে শহীদুলের পিঠে আঘাত করেন। শহীদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ঘাতক দুলাল পালানোর চেষ্টা করেন। তবে গ্রামবাসী ধাওয়া করে তাঁকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।
গুরুতর আহত অবস্থায় শহীদুল মোল্লাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করে এবং শহীদুলের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ