শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৮৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের আরেক ছেলে শহিদুর মিয়াও (৪৫) গুরুতর জখম হয়েছেন। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তাঁর ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এসময় বড় ভাই শহিদুর মিয়া পিতাকে বাঁচাতে এগিয়ে এলে মশিক তাঁকেও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন।

আহতদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্ত মশিক মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। শ্রীমঙ্গল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

পারিবারিক কলহ থেকে জন্মদাতার ওপর সন্তানের এমন বর্বরোচিত হামলায় পুরো এলাকায় শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন