ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা দারুল উলুম দাখিল মাদরাসায় এক ঝটিকা সফরকালে শিক্ষার্থীদের সরাসরি পাঠদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে মাদরাসা পরিদর্শনে গিয়ে তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষক হিসেবে পাঠদান কার্যক্রমে অংশ নেন।
শ্রেণিকক্ষে পাঠদানকালে ইউএনও আল এমরান খাঁন শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল উদ্দেশ্য। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই এখন থেকেই নিজেদের সেই যোগ্যতায় প্রস্তুত করতে হবে।”
ইউএনও-কে শিক্ষকের ভূমিকায় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। মাদরাসার ছাত্রী সানজিদা, সুমাইয়া ও রিয়া জানায়, স্যারের সরাসরি ক্লাস নেওয়া তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম কাজী এবং মাদরাসার সুপার মোঃ জালাল উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন সরাসরি অংশগ্রহণ শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে ইউএনও মাদরাসার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাঠদানের মান পর্যবেক্ষণ করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিনসহ মাদরাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও আল এমরান খাঁনের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ