সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে: ধর্মমন্ত্রী

আশকোনা হজ অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠানে হজ টিমের সদস্যদের প্রতি কড়া বার্তা; গাফিলতি করলে মক্কা থেকে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি

সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে হজ টিমের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, সরকারের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, "আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাদের ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।" তিনি সবাইকে প্রকৃত খাদেম হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

এ সময় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, "হজযাত্রীদের খেদমত বাদ দিয়ে অন্যান্য কাজ করা যাবে না। হাজিদের সঙ্গে যারা এদিক-সেদিক করবে, তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহর মেহমানদের খেদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।" তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা হাজিদের যথাযথ সেবা দেবেন না, তাদের মক্কা থেকে সরাসরি দেশে ফেরত পাঠানো হবে। আর যারা ভালো কাজ করবেন এবং হাজিরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন, তাদের পরবর্তী বছরেও এই সুযোগ দেওয়া হবে।

মন্ত্রীর এমন বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত হজ টিমের সদস্যরা হাত তুলে হজযাত্রীদের যথাযথ খেদমত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এর আগে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিস্তারিত তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক। এ দিনের প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন