ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুল প্রত্যাশিত ‘মুকসুদপুর রেল স্টেশন’।
বুধবার (১৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই রেল যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটল।
স্থানীয়রা জানান, এতদিন সরাসরি রেল সংযোগ না থাকায় মুকসুদপুরবাসীকে ঢাকা বা দেশের অন্যান্য স্থানে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। এখন এই স্টেশনটি চালু হওয়ায় অল্প সময়ে এবং সাশ্রয়ী খরচে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। স্টেশনটি কেবল মুকসুদপুর নয়, বরং পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার মানুষের জন্যও আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে।
রেল স্টেশন চালুর ফলে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও পর্যটনের প্রসার ঘটবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এলাকাবাসী মনে করছেন, এই স্টেশন মুকসুদপুরের অর্থনৈতিক ও সামাজিক চেহারা বদলে দেওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
মুকসুদপুর রেল স্টেশন প্রকল্পটি বাস্তবে রূপ দিতে অগ্রণী ভূমিকা রাখায় গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁর নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণেই এই স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাজারো উৎফুল্ল জনতা উপস্থিত ছিলেন। স্টেশনে প্রথম ট্রেন থামার সাথে সাথে উপস্থিত সবাই করতালি ও উল্লাসের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ