ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
(সংগৃহীত ছবি) ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর শেষে দেশে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন হুমকির কাছে ইরানি জাতি কখনোই মাথা নত করবে না এবং ট্রাম্পের কোনো হুমকিই তাদের প্রভাবিত করতে পারবে না।
সোমবার (১৩ এপ্রিল) স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানায়, কলিবফ তার বক্তব্যে বলেন, "আমরা প্রমাণ করেছি ইরানের কথা কোনো গালগল্প নয় এবং বিশ্ব তা নিজ চোখে দেখেছে। আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি ইরানি জাতির শত্রুরা কতটা হতাশ হয়ে পড়েছে।"
তিনি আরও বলেন, গত ৪৭ বছরের বিপ্লবের ইতিহাসে ইরানি জাতি সামরিক আগ্রাসন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ অত্যন্ত সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। ইরান প্রমাণ করেছে যে তারা কোনো হুমকির কাছেই আত্মসমর্পণ করে না।
সংকট সমাধানে আমেরিকার উদ্দেশে স্পিকার বলেন, "আমেরিকা যদি এই পরিস্থিতি থেকে প্রস্থানের কোনো পথ খুঁজতে চায়, তবে তাদের একমাত্র উপায় হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ইরানি জাতির আস্থা অর্জন করা। আপনারা ইরানি জাতির কাছে অনেক ঋণী এবং সেই ঋণ শোধ করতে আপনাদের এখনও কঠোর পরিশ্রম করতে হবে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে কলিবফ বলেন, "তোমরা লড়াই করলে, আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করব। আর তোমরা যদি যুক্তি নিয়ে এগিয়ে আসো, আমরাও যুক্তি দিয়েই তার মোকাবিলা করব।"
সবশেষে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না; ওরা আমাদের ইচ্ছাশক্তি আরেকবার পরীক্ষা করে দেখুক, যাতে আমরা ওদেরকে আরও বড় একটা শিক্ষা দিতে পারি।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ