রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যা, ঘাতক আটক

রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যা, ঘাতক আটক

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ভোরের নিস্তব্ধতা ভেঙে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম কালু বড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোর ৫টার দিকে বিহারের জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন কালু বড়ুয়া। ওই সময় অভিযুক্ত টাম্বু বড়ুয়া (প্রকাশ টাবু) হাতে ধারালো দা নিয়ে এলাকায় ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর চালাচ্ছিল। কালু বড়ুয়া তাকে বাধা দিতে গেলে টাম্বু ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে বুকের ওপর বসে অত্যন্ত নৃশংসভাবে জবাই করে মৃত্যু নিশ্চিত করে সে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া একটি ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তবে স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল অস্ত্রটি পুলিশ উদ্ধার করতে পারেনি; আত্মসমর্পণের সময় তার হাতে থাকা ছুরিটি ভিন্ন ছিল।

নিহতের ছেলে অসিম বড়ুয়া দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পিত কোনো ষড়যন্ত্র থাকতে পারে। টাম্বু বড়ুয়ার সাথে তাঁর বাবার আগে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। হঠাৎ এমন পাশবিক হামলার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়া হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, লাশ নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদ করায় প্রান্ত বড়ুয়া ও বাদল বড়ুয়া নামক দুই ব্যক্তি তাঁর ওপর চড়াও হন।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, “অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন