কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

কিশোরগঞ্জে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা

কিশোরগঞ্জ জেলা শহরের উৎসবপ্রিয় মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এই মেলার যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব এ.কে.এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার জনাব ড. এস.এম ফরহাদ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "স্থানীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। এই মেলা একদিকে যেমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বিপণনে সহায়তা করবে, অন্যদিকে জেলাবাসীর বিনোদনের খোরাক জোগাবে।"

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দেশীয় পণ্যের বিপুল সমাহার ঘটানো হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় রাইড ও বিশেষ বিনোদনের ব্যবস্থা। মাসব্যাপী এই মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা পুরো মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

মন্তব্য করুন