বিশ্বকাপ সম্ভাবনা বাড়ছে নেইমারের

বিশ্বকাপ সম্ভাবনা বাড়ছে নেইমারের

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন আশার আলো দেখা দিয়েছে। এতদিন তাঁর অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা নেতিবাচক অবস্থানে থাকলেও, এবার সুর নরম করেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি ফরাসি দৈনিক 'লেকিপ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে, শারীরিক ফিটনেস প্রমাণ করতে পারলে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে দেখা যেতে পারে।

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। তার আগে নেইমারের জন্য আগামী দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনচেলত্তি জানিয়েছেন, গত ডিসেম্বরের হাঁটুর চোট থেকে নেইমার ভালোভাবে সেরে উঠেছেন এবং বর্তমানে তাঁর ক্লাব সান্তোসের হয়ে গোলও করছেন। কোচ বলেন, "নেইমার ফিটনেস নিয়ে সঠিক পথেই আছে। আমি কেবল সেই খেলোয়াড়দেরই ডাকব যারা শারীরিকভাবে শতভাগ প্রস্তুত। নেইমার যদি তাঁর এই ফর্ম এবং ফিটনেস বজায় রাখতে পারেন, তবে তাঁর দলে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।"

সম্প্রতি সান্তোসের হয়ে অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে নেইমারের পারফরম্যান্স নজর কেড়েছে কোচের। বিশ্বকাপের দল ঘোষণার আগে সান্তোসের আরও ১০টি ম্যাচ রয়েছে, যেখানে নেইমারের খেলার কথা। আনচেলত্তি নেইমারের নতুন পজিশন নিয়েও ভাবছেন। তিনি মনে করেন, মাঠের মাঝখানে গোলপোস্টের কাছাকাছি পজিশনটি নেইমারের জন্য এখন বেশি কার্যকর। ব্রাজিলিয়ান সমর্থকদের চাপ এবং দলের বর্তমান ফর্ম বিবেচনায়, অভিজ্ঞ এই তারকাকে ছাড়াই বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি হয়তো নিতে চাইছেন না আনচেলত্তি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন