ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জান্নাতুল ওরফে ছোঁয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বড় সাদিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছোঁয়া ওই গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশে দালালবাগ নামের একটি পুরনো পুকুরে গোসল করতে যায় ছোঁয়া। পুকুর ঘাটের সিঁড়ি পিচ্ছিল থাকায় ছোঁয়া আকস্মিক পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে মুহূর্তেই নিখোঁজ হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ছোঁয়াকে মৃত ঘোষণা করেন। তবে স্বজনরা বিষয়টি নিশ্চিত হতে তাৎক্ষণিক মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরাও তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বড় সাদিপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস।
পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ