বরিশালে হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বরিশালে হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল মহানগরীতে শিশুদের হামের ঝুঁকি মোকাবিলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

উদ্বোধনকালে বিসিসি প্রশাসক জানান, এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলমান থাকবে। সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কমিউনিটি পর্যায়ে ৩৩ হাজার ৬০০ শিশু এবং প্রাক-প্রাথমিক পর্যায়ের ৮ হাজার ৬১০ জন শিশুসহ মোট ৪২ হাজার ৬১০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল বারী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এবং কর্পোরেশনের সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বরিশালে শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে বিভাগের মোট ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এই প্রাণঘাতী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন