ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনিখালী এলাকায় ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি ইটভাটার অফিস কক্ষ ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হাসিবুর রহমান অভি মৃধাসহ তিনজনের বিরুদ্ধে বেতাগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ মিরাজ হোসেন জাফর।
অভিযোগকারী মিরাজ হোসেন জাফর জানান, অভিযুক্ত হাসিবুর রহমান অভি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁরা ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন ধরে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। ঘটনার দিন অভি তাঁকে মারধরের উদ্দেশ্যে তেড়ে এলে তিনি আত্মরক্ষার্থে নিজ বসতভিটায় অবরুদ্ধ হয়ে পড়েন। এই সুযোগে অভিযুক্তরা ইটভাটার অফিসে হামলা চালায়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ইটভাটার অফিস কক্ষের আসবাবপত্র ও সাইনবোর্ড ভাঙচুর করে। এ সময় আলমারিতে থাকা ইট বিক্রির নগদ ২ লক্ষ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং অফিস কক্ষে নিজস্ব তালা ঝুলিয়ে দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হানিফ মৃধা জানান, অভি ইটভাটার অফিসে ঢুকে মিরাজ হোসেন জাফরকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে গালিগালাজ শুরু করেন এবং অফিসের আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করে নগদ অর্থ ছিনিয়ে নেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হাসিবুর রহমান অভিকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা মো. জাহাঙ্গীর মৃধা ঘটনার সময় এলাকা থেকে দূরে ছিলেন দাবি করে বিষয়টি এড়িয়ে যান।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ হাওলাদার বলেন, “আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ