মোবাইল না পেয়ে মাদরাসা ছাত্রের আত্মহত্যা

মোবাইল না পেয়ে মাদরাসা ছাত্রের আত্মহত্যা

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মায়ের কাছ থেকে মোবাইল ফোন না পেয়ে আজিজুল (১২) নামে এক মাদরাসা ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাংনাহাটি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত আজিজুল ওই গ্রামের আজাহারুলের ছেলে। সে স্থানীয় ভাংনাহাটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মা আসমা আক্তার জানান, তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুপুরে খাবার শেষ করে তিনি যখন কর্মস্থলে যাচ্ছিলেন, তখন আজিজুল তাঁর কাছে মোবাইল ফোনটি চেয়ে আবদার করে। ছেলের পড়াশোনার ক্ষতি হবে ভেবে তিনি ফোনটি না দিয়েই কারখানায় চলে যান। মায়ের ওপর অভিমান করে এরপর ঘরের দরজা বন্ধ করে দেয় আজিজুল।

বিকেলের দিকে আজিজুলের বাবা বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় অন্য একটি কক্ষ দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে আজিজুলকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন