লেবাননে ইসরায়েলি হামলায় শহীদদের জানাজায় জনসমুদ্র

লেবাননে ইসরায়েলি হামলায় শহীদদের জানাজায় জনসমুদ্র

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়াহতে ইসরায়েলি বিমান হামলায় শহীদ ১৩ জন নিরাপত্তা কর্মীর জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নেমেছে। 

শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এই জানাজায় সাধারণ নাগরিক ছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাবাতিয়াহর একটি সরকারি কমপ্লেক্স এবং স্টেট সিকিউরিটি অফিসের কাছে ইসরায়েলি বিমান বাহিনী অতর্কিত হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। হামলায় ভবনগুলো ধসে পড়ে এবং ঘটনাস্থলেই এক ডজন নিরাপত্তা কর্মী শহীদ হন। এ সময় আহত হন আরও অনেকে।

যৌথ জানাজার সময় পুরো শহরজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করে। অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।

লেবানন সরকারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন। এর ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। লেবানন সরকার এই হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

উল্লেখ্য, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিনেই লেবাননে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় শত শত সাধারণ মানুষ প্রাণ হারান। পরিস্থিতির ভয়াবহতা দেখে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার তীব্রতা কমানোর আহ্বান জানিয়েছেন, যাতে চলমান যুদ্ধবিরতি চুক্তি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন