মেকআপ গলবে না ঘামেও, বৈশাখী উৎসবে নজরে কাড়ুন এই ৫ কৌশলে

মেকআপ গলবে না ঘামেও, বৈশাখী উৎসবে নজরে কাড়ুন এই ৫ কৌশলে

পহেলা বৈশাখের সাজে তরুণী (ছবি: সংগৃহীত)

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আসতে আর মাত্র কয়েক দিন বাকি। নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে শাড়ি আর বাহারি পোশাকে প্রস্তুতি নিচ্ছেন ফ্যাশন সচেতনরা। তবে উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে গ্রীষ্মের তীব্র গরম। বিশেষ করে যারা উৎসবের দিনটিতে মেকআপ করতে ভালোবাসেন, তাদের জন্য ঘাম আর গরম বড় দুশ্চিন্তার কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই বৈশাখের সাজে হালকা এবং আরামদায়ক শাড়ি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি মেকআপ হতে হবে ছিমছাম। ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার করলেও কিছু বিশেষ কৌশল না মানলে ঘামের সাথে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা থাকে।

পহেলা বৈশাখে দীর্ঘস্থায়ী মেকআপের ৫ কৌশল:

ত্বকের প্রস্তুতি: সাজ শুরু করার আগে একটি ভালো মানের ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া জরুরি। এরপর টোনার লাগিয়ে ব্যবহার করতে হবে ওয়াটার-বেসড ময়েশ্চারাইজার। ত্বক ভেতর থেকে আর্দ্র থাকলে মেকআপ দীর্ঘক্ষণ টেকে। দিনের বেলা বের হলে অবশ্যই ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

প্রাইমারের ব্যবহার: গরমে ঘাম নিয়ন্ত্রণ করতে এবং মেকআপের একটি মসৃণ বেস তৈরি করতে ফেস প্রাইমার অপরিহার্য। এটি ত্বকের রোমকূপ বা ওপেন পোরস ঢেকে রাখতে সাহায্য করে, ফলে মেকআপ দীর্ঘক্ষণ নিখুঁত থাকে।

হালকা বেস মেকআপ: তীব্র গরমে ফুল কভারেজ ফাউন্ডেশন এড়িয়ে চলাই ভালো। মেকআপ ভারী না করে ফেস টিন্ট, বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করলে ত্বক স্বস্তিতে থাকবে। কেউ চাইলে ফাউন্ডেশন স্টিক ব্যবহার করতে পারেন, তবে তা যেন অবশ্যই ত্বকের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়।

কনসিলার ও পাউডার: গরমের দিনে কনসিলার ব্যবহার না করলেও চলে। হালকা ব্লাশ বা টিন্ট দিয়ে গালে আভা আনতে পারেন। তবে মেকআপ শেষ করার পর অবশ্যই লুস পাউডার দিয়ে সেট করে নিতে হবে, যাতে ফাউন্ডেশন গলে যাওয়ার সুযোগ না পায়।

চোখের সাজ ও ফিনিশিং: যারা কাজল পরতে ভালোবাসেন, তারা কাজল ব্যবহারের পর ওপর দিয়ে কিছুটা কালো আইশ্যাডো দিয়ে সেট করে নিন। এতে চোখের নিচ কালো হওয়ার ভয় থাকবে না। সবশেষে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করলে প্রচণ্ড গরমেও আপনার সাজ থাকবে অটুট।

পহেলা বৈশাখের এই উৎসবে নিজেকে ঐতিহ্যবাহী ও স্নিগ্ধভাবে উপস্থাপন করতে মেকআপের এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে সারাদিন সতেজ থাকা সম্ভব বলে মনে করছেন রূপ বিশেষজ্ঞরা।


জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন