সৌদি আরবে গেল পাকিস্তানি যুদ্ধবিমান

সৌদি আরবে গেল পাকিস্তানি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের একটি সামরিক দল সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। 

শনিবার (১১ এপ্রিল) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দাপ্তরিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পাদিত যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের এই সামরিক দলটি দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত কিং আব্দুল আজিজ এয়ার বেসে অবতরণ করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই পাকিস্তানি দলে পাকিস্তান বিমানবাহিনীর (PAF) অত্যাধুনিক যুদ্ধবিমান এবং সহায়ক বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এই মোতায়েনের মূল লক্ষ্য হলো দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে কাজ করা।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর ২০২৫-এ রিয়াদে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো—যেকোনো একটি দেশের বিরুদ্ধে পরিচালিত বহিঃশত্রুর আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করেছিলেন। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ এই চুক্তির বাস্তবায়নে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন