বগুড়ায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া শহরের রাজাবাজার এলাকায় সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মন্ডল ট্রেডার্সসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‍্যাব-১২ এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযানকালে সয়াবিন তেলের মজুদ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করা হচ্ছে কিনা—তা কঠোরভাবে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সবচেয়ে বড় অঙ্কের জরিমানা করা হয় মেসার্স মন্ডল ট্রেডার্সকে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, "পণ্য অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" একইসঙ্গে তিনি সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং লেনদেনের সঠিক ভাউচার সংরক্ষণের নির্দেশ দেন।

অভিযানে র‍্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন