সৌদিতে দেয়াল চাপায় নোয়াখালীর যুবকের মৃত্যু

সৌদিতে দেয়াল চাপায় নোয়াখালীর যুবকের মৃত্যু

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: সৌদি আরবের দাম্মামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে নোয়াখালীর সেনবাগের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন।

এর আগে, শুক্রবার বিকেলে দাম্মামে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউসুফ সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ। শুক্রবার বিকেলে তিনি একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ একটি বিশাল দেয়াল ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন জানান, ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত ছিলেন এবং তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিন মাস আগে বাবাকে হারিয়ে জীবনযুদ্ধের তাগিদে বিদেশে গেলেও নিজেই লাশ হয়ে ফিরছেন তিনি। ইউসুফের অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী ইউসুফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন