ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, "মাদক প্রতিরোধ করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে মাদক বিক্রেতা বা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না।"
শনিবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দুর্গামন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে প্রয়োজনে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি বা সংসদ সদস্য মনে করবেন না, আমি আপনাদের সেবক। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তা রক্ষা করতে চাই। আমার জীবনের সবটুকু দিয়ে আমি আপনাদের পাশে থাকব। আমাকে আপনাদের খুঁজতে হবে না, আমিই আপনাদের দ্বারে দ্বারে আসব।"
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে এস এম জিলানী বলেন, "আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে সংসদে আপনাদের সুখ-দুঃখের কথা বলব। আমি সেই কথা রেখেছি। আগামীতেও আপনাদের শান্তি ও নিরাপত্তার জন্য আমার কণ্ঠ সোচ্চার থাকবে।"
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "ইতোমধ্যে উন্নয়নের কাজ শুরু হয়েছে। আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার সকল অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হবে।"
এরপর সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসব অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ