কোটালীপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

কোটালীপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তালপুকুরিয়া গ্রামের প্রেমানন্দ ঢালীর ছেলে পার্থ ঢালী (২০) এবং একই গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে নারায়ণ ঢালী (২৫)।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, সাজাপ্রাপ্ত এই দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন