ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর মহিপালে ছাত্র-জনতার মিছিলে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত ৫টি হত্যা মামলায় কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ভোরে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ডালিম ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুলকুতের রহমানের ছেলে। তিনি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ফৌজুল আজীম জানান, জুলাই বিপ্লব চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে ১১ জন শহীদ হন। এ ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ৫টি হত্যা মামলায় ডালিম চেয়ারম্যান এজাহারনামীয় প্রধান পর্যায়ের আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় মিরপুরে তার বোনের বাসা থেকে তাকে আটক করা হয়।
ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঞা অভিযোগ করে বলেন, ৪ আগস্ট মহিপালে সরাসরি অস্ত্র হাতে যারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছেন, ডালিম চেয়ারম্যান তাদের অন্যতম হোতা। তাকে আইনের আওতায় আনায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে।
শনিবার বিকেলে কড়া পাহারায় ডালিমকে ফেনী আদালতে হাজির করা হয়। ফেনী আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ