সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় স্থানান্তর

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় স্থানান্তর

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অস্বস্তি অনুভব করেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্ত্রী মহোদয় দুই দিনের লালমনিরহাট সফরে যাচ্ছিলেন। সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রেস্টরুমে বসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ মাথা ঘোরা ও তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করেন।

দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিকভাবে তাকে দুপুর ১২টার নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তা স্থগিত করা হয়।

পরবর্তীতে শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন