নাটোরে ট্রাকচাপায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নাটোরে ট্রাকচাপায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের লালপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন লালপুর উপজেলার গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। সে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসের ছুটির মধ্যেও সেশন জট বা শিক্ষার ঘাটতি পূরণে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। দুপুরে টিফিনের সময় ইয়ামিনসহ কয়েকজন সহপাঠী আইসক্রিম কেনার উদ্দেশ্যে গৌরীপুর মোড়ের দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রু্মাইয়া হক রাকা জানান, হাসপাতালে আনার কিছু সময় পরেই ইয়ামিনের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।

গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকতিয়ারুল ইসলাম শোক প্রকাশ করে বলেন, "প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে আমাদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু করা হয়। টিফিনের সময় শিক্ষার্থীরা বাইরে বের হলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।"

এই ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য গতিরোধক (স্পিড ব্রেকার) ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন