ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সারাদেশ ডেস্ক: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। সোমবার রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এর আগে বিকেলে বাবার বাড়ি হাকিমপুর শহরে অবস্থানকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
শিবলী সাদিক দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য ছিলেন, যিনি জুলাই আন্দোলনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই তার দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন তাদের বিয়ে হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদিজা কিছুদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে আজ তিনি মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে ফেলেন।
জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে তাকে ভর্তি করা হয় এবং বর্তমানে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা চলছে। তিনি এখন স্থিতিশীল পর্যায়ে আছেন। আত্মহত্যার চেষ্টার আগে ফেসবুকে এক স্ট্যাটাসে খাদিজা লেখেন, ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’ উল্লেখ্য, শিবলী সাদিকের প্রথম স্ত্রী ছিলেন কণ্ঠশিল্পী সালমা, যার সঙ্গে ২০১৬ সালে তার বিচ্ছেদ হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ